28.1 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » ১৪৪ ধারার মধ্যেই খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

১৪৪ ধারার মধ্যেই খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ


বিএনএ,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে একটি স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুরো জেলা স্থবির হয়ে গেছে।১৪৪ ধারা জারির পরও অবরোধ অব্যাহত রয়েছে।  এ পরিস্থিতিতে জেলা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে আর অভ্যন্তরীণ সড়কগুলোও জনশূন্য হয়ে পড়েছে।

ধর্ষণের ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে।  ওই কিশোরী প্রাইভেট পড়ার পর ফেরার পথে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হন। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি ক্ষেত থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

এর প্রতিবাদে “জুম্ম ছাত্র-জনতা” নামে একটি সংগঠন জেলা জুড়ে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা করে।

অবরোধের তৃতীয় দিনে খাগড়াছড়ি জেলা ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোববার গুইমারায় বিক্ষোভ ও সহিংসতায় তিনজন স্থানীয় নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন, যার মধ্যে ১৩ জন সেনাসদস্য ও ৩ জন পুলিশ কর্মকর্তা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন। অবরোধের জন্য জেলা জুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়। শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। একই সঙ্গে গুইমারা উপজেলায়ও এই ধারা বজায় রাখা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে এবং অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ