বিএনএ, বান্দরবান : বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি (গোলাবারুদ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিজিবির বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৬৫ বিজিবির আওতাধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকায় গোপনে গোলাবারুদ মজুত রাখা হয়েছে—নিজস্ব গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে এবং ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের অংশগ্রহণে বিজিবির একটি বিশেষ টহল দল আজ বেলা একটার দিকে ওই এলাকায় অভিযান শুরু করে।
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানোর পর বিকেল সাড়ে চারটার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা অবস্থায় ৯৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, আঞ্চলিক কোনো সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোলাবারুদগুলো সেখানে মজুত করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
![]()

