বিএনএ, বিশ্বডেস্ক: সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ইয়েমেনের উপকূল থেকে ছিনতাই করেছে সোমালিয়ার সশস্ত্র জলদস্যুরা। ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মারসা ভার্গো। শনিবার (২৮ নভেম্বর) ছয়জন সশস্ত্র ব্যক্তি জাহাজটি দখলে নেয়।
পন্টল্যান্ডের এক সামুদ্রিক পুলিশ কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।
জাহাজটির ক্যাপ্টেনের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩০ মিনিটে ইয়েমেনের বালহাফ থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সশস্ত্র ব্যক্তিরা জাহাজে ওঠে। এ সময় জাহাজের নাবিকেরা একটি নিরাপদ কক্ষে আশ্রয় নেন। এতে কেউ আহত হননি।
উল্লেখ্য, সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে গত জুলাই থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে। এরপর লোহিত সাগর ও এডেন উপসাগর অনিরাপদ হয়ে ওঠে। আগেও এ অঞ্চলটি অনিরাপদ ছিল। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতায় সেখানে দস্যুদের নিয়ন্ত্রণ করা গিয়েছিল। তবে সৌদি ও হুথিদের দ্বন্দ্বের কারণে এটি আবারও অনিরাপদ হয়েছে। এরমধ্যে আমিরাতের জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল।
বিএনএ/শাম্মী
![]()

