27 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক


বিএনএ, ঢাকা: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অন্যদিকে, তার স্বামী মনিরুল ইসলাম ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। তাকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার ।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় মনিরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।

দুদকের এজাহার বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ