বিএনএ, ঢাকা : বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গীতিকার ও লেখক লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়– অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেড-১ পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
সংগীত ও সাহিত্যচর্চায় পরিচিত মুখ লতিফুল ইসলাম শিবলী। বিশেষ করে নব্বইয়ের দশকে জনপ্রিয় বেশ কিছু গানের কথা লিখে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি।
তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে– ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘রাজকুমারী’ প্রভৃতি।
লতিফুল ইসলাম শিবলীর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘দারবিশ’, ‘দখল’, ‘আসমান’, ‘নূর’ প্রভৃতি। ২০১৯ সাল থেকে নিয়মিত উপন্যাস প্রকাশ করছেন তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

