বিএনএ, ঢাকা: জুলাই গণ–অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় আনাসসহ ৬ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ২ আসামি হলেন— সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম।
এছাড়াও আলোচিত এ মামলায় সাবেক সহকারী কমিশনার (রমনা অঞ্চল) মোহাম্মদ ইমরুল‘কে ৬ বছরের কারাদণ্ড ও শাহবাগ থানা সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন‘কে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম‘কে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
বিএনএ/ ওজি
![]()

