বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পাশাপাশি সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয় এবং অটোরিকশার চালক দুজনকেও আটক করা হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে রামুর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলে সূত্র জানিয়েছে।
সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএনএ/শাম্মী
![]()

