বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষার্থী ও রেলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।
গত রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ জানান, টিউশন শেষে স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় বগির ভেতরে আগুন লাগার খবর পান তিনি। প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও পরে বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়। পরীক্ষা করে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। এ ছাড়া বগির আসনেও কেরোসিন মাখানো ছিল। তার ধারণা, পরিকল্পিতভাবে ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ট্রেনটি বটতলী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল বাড়াতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
বিএনএ/শাম্মী
![]()

