বিএনএ, বিশ্বডেস্ক : আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর যুক্তরাষ্ট্র থেকে মাদ্রিদে পৌঁছেছে স্পেনের তরুণতুর্কিরা। তাদের বরণ করে নিতে রাজধানী জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে শিরোপাজয়ীদের বরণে রাস্তায় নেমেছে লাখো সমর্থক।
বিমান থেকে নামার সময় স্পেন অধিনায়ক রদ্রি উঁচিয়ে ধরেন বিশ্বকাপের সোনালি ট্রফি। করতালি আর উল্লাসে বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানান বিমানবন্দরে উপস্থিত সমর্থকেরা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে অতিরিক্ত সময়ে ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন।
এই শিরোপার মধ্য দিয়ে ২০১০ সালের পর আবারো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল লা রোজারা। পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখানো স্পেন মাত্র একটি গোল হজম করেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঐতিহ্যবাহী উদযাপনস্থলে গিয়ে সমর্থকদের সাথে শিরোপা উদযাপন করবেন রদ্রি, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামসরা।
বিএনএ/ওজি
![]()

