বিএনএ ডেস্ক: বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে। এ নিয়ে পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে ১৩ হাজার মেট্রিক টন এবং চলতি বছরে মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হলো ভারত থেকে।।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ডিপোতে পৌঁছায় এসব জ্বালানি তেল।
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমে দায়িত্বে নিয়োজিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার কথা রয়েছে। এর মধ্যে এটি দ্বিতীয় চালান। এর আগে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছেছিল।
উল্লেখ্য, দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে। পরে ব্যবহার, খরচ ও চাহিদা অনুযায়ী আমদানির পরিমাণ বাড়ানো হবে। এই পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন তেল ভারত থেকে আমদানি করা সম্ভব বলেও বিপিসির পক্ষ থেকে জানানো হয়। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল আসতে সময় লাগতো ৬ থেকে ৭ দিন। এই পাইপলাইন চালুর ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থাও হয়েছে আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন।
![]()

