বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুল’ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
নিহত আসাদুল হক বরিশালের গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রাতের দিকে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগগামী সড়কের সাদেক খান ইটখোলা এলাকায় পথচারীরা রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিএনএ/ওজি
![]()

