31 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা থেকে পদ্মা সেতুর উদ্দেশে ছুটল পরীক্ষামূলক ট্রেন

ঢাকা থেকে পদ্মা সেতুর উদ্দেশে ছুটল পরীক্ষামূলক ট্রেন

ট্রেন

বিএনএ ডেস্ক: পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেন ছাড়া হয়।

এ ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রী হয়েছেন। ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেবে। আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিবেন তিনি।

ঈশ্বরদী থেকে বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ৮টি কোচ ও ১টি ইঞ্জিন নিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে।

প্রকল্পের ৩১ আগস্ট পর্যন্ত অগ্রগতির তথ্য বলছে, পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮২ শতাংশ। এর মধ্যে মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি হয়েছে ৯৬.৫০ শতাংশ। ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি হয়েছে ৮০.৫০ ভাগ। এদিকে ভাঙ্গা-যশোর অংশের কাজের অগ্রগতি হয়েছে ৭৮ ভাগ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা থেকে ভাঙ্গা রেললাইন চালু হলে প্রথমে ঢাকা, মাওয়া, পদ্মা, শিবচর এবং ভাঙ্গা রেলস্টেশন খুলে দেয়া হতে পারে। এই রেললাইন উদ্বোধনের পর এক সপ্তাহ পর থেকে শুরুতে এক জোড়া ট্রেন চালানো হবে। একমাস পরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং আরও কিছু স্টেশনও খুলে দেয়া হবে। এ ছাড়া তিন মাসের মধ্যেই সব স্টেশনের কাজ এবং সিগন্যালিংয়ের কাজও শেষ হয়ে যাবে। তখন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। অর্থাৎ ঢাকা থেকে ভাঙ্গা রেললাইন উদ্বোধন হলেও ফুল ফ্রেজে অপারেশন হতে তিন মাস সময় লাগবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা থেকে মাওয়া ৪০ কিলোমিটার, দ্বিতীয় ধাপে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৪২ কিলোমিটার এবং তৃতীয় ধাপে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ হচ্ছে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ৮২ কিলোমিটার পথে রেল লাইন বসানোর বেশিরভাগ কাজ শেষ। এদিকে প্রকল্পের তৃতীয় অংশে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত প্রায় ৮৭ কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে গত জুন মাস থেকে। তবে আগস্ট মাস পর্যন্ত ভাঙ্গা থেকে যশোর অংশে ১৫ কিলোমিটার রেল লাইন বসে গেছে।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন বসানো এবং স্টেশন ও অন্য অবকাঠামো নির্মাণের জন্য আলাদা প্রকল্প নেয় রেলওয়ে ২০১৬ সালের জুনে। জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পে অর্থায়ন করছে চীন।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫