বিএনএ, ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতাকে আইনি সুরক্ষা দিতে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।জুলাই যোদ্ধাদের আইনি দায়মুক্তি দিতে একটি নতুন অধ্যাদেশ জারি করা হবে।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইন মন্ত্রণালয়কে দ্রুত অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হয়েছিল, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত গণ-অভ্যুত্থানের সব কর্মকাণ্ডের জন্যও জুলাই যোদ্ধাদের সেভাবে সুরক্ষা দেওয়া হবে। সম্প্রতি জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া তাহরিমা জান্নাত সুরভী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহদী হাসানকে পুলিশ গ্রেপ্তার করার পর দাবিটি জোরালো হয়ে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ৪ জানুয়ারি ২৪ ঘণ্টার মধ্যে দায়মুক্তি অধ্যাদেশ জারির জন্য তিন দফা দাবি পেশ করা হয়েছিল। সরকার এই দাবিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত দ্রুতগতিতে শেষ হয়েছে এবং আগামীকাল বুধবারই আদালতে এই মামলার চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হবে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’
বিএনএ/ ওজি
![]()

