বিএনএ, ঢাকা : দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পুশইনের পৃথক ১০টি চেষ্টা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ) করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে সবকটি চেষ্টা বিজিবি রুখে দিয়েছে বলেও জানিয়েছে তারা।
একইসঙ্গে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি আরো জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।
যেসব সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করেছে সেগুলোর মধ্যে রয়েছে, ঝিনাইদহের যাদবপুর সীমান্ত, একই জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইনের চেষ্টা করলে বিজিবির টহলদল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়।
বাংলাদেশের আরো যেসব সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করেছে সেগুলোর মধ্যে যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত, ঠাকুরগাঁও এর হরিপুর সীমান্ত, পঞ্চগড়ের রওশনপুর সীমান্ত।
তবে, প্রতিটি সীমান্তেই বিজিবি বিএসএফের এই প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে।
এছাড়া কয়েকটি সীমান্তে বেশ কিছু মানুষকে বাংলাদেশে পুশ ইনের জন্য বিএসএফ জড়ো করে রেখেছে বলে জানিয়েছে বিজিবি।
সেসব স্থানে কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এসব স্থানের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, একই জেলার সোনামসজিদ সীমান্ত এবং নেত্রকোনার কচুগড়া সীমান্তে বেশ কিছু মানুষ পুশ ইনের উদ্দেশ্যে বিএসএফ জড়ো করে রেখেছে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
একইসঙ্গে, সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

