বিএনএ, রংপুর :রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ গত বুধবার (৩ জুন) নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দুলা মিয়া (৪৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার বালারহাট বাজারে বেশ কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। ওই দিন রাতেই কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) নিজ বাড়িতে মারা যান। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে বাকি চারজনের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। এরপর মঙ্গলবার সকালে বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০) প্রাণ হারান। সর্বশেষ বুধবার দুলা মিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার জানান, বিষাক্ত অ্যালকোহল পানের এই ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া মেনে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনএ/ ওজি
![]()

