30 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত

ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত


বিএনএ, বিশ্বডেস্ক: রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ক্রেস্টহেভেন এলাকার কাছে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমানের ৯জন আরোহীই নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি।

দুর্ঘটনাটি ঘটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত। রোববার সকালে মার-আ-লাগোতে ছিলেন ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে তিনি এয়ার ফোর্স ওয়ানে রওনা হন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে মনে হচ্ছে, আবাসিক শহরতলির একটি সড়কে যানবাহন চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং বিশাল আগুনের গোলায় বিস্ফোরিত হয়।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে বলেন, ওই ভিডিও দেখলে মন নাড়া দেয়। মনে হয় যেন একটি ক্ষেপণাস্ত্র নেমে আসছে, আর বিশাল বিস্ফোরণ হচ্ছে, ধ্বংসাবশেষ চারদিকে ছিটকে পড়ছে। বিমানে কারা ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ডিস্যান্টিস বলেন, এ মুহূর্ত পর্যন্ত মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার কোনও খবর আমাদের কাছে নেই।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তা করতে এফএএ একটি দল পাঠাচ্ছে। ডাফি আরও বলেন, যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনায় আমার সঙ্গে যোগ দিন। ঘটনাটিকে তিনি ভয়াবহ ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন।

সূত্র: বিবিসি

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ