বিএনএ, ঢাকা: দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে আজ থেকে জ্বালানি (ফুয়েল) লোডিং শুরু হচ্ছে। এর মাধ্যমে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত এই প্রকল্পের প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই হয়েছিল ২০১৭ সালের ৩০ নভেম্বর এবং দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ১৪ জুলাই। প্রকল্পটির দুটি ইউনিট পুরোপুরি সম্পন্ন হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১২ শতাংশ যোগান দেবে।
ফুয়েল লোডিং মানেই ট্রায়াল রান নয়। এর অর্থ হলো রিঅ্যাক্টরের ভেতরে ইউরেনিয়াম প্রবেশ করানো। এর ফলে নিরাপত্তা যাচাইয়ের একটি প্রক্রিয়া শুরু হবে, যা ট্রায়াল রানের আগে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্র এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত প্রকল্প এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সচিব মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফুয়েল লোডিং শুরু হওয়ার প্রায় তিন থেকে সাড়ে তিন মাস পর প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হবে। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনএ/ওজি
![]()

