31 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেয়া হবে : পরিবহনমন্ত্রী

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেয়া হবে : পরিবহনমন্ত্রী


বিএনএ,ঢাকা: সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে । শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়বে না। যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শনিবার(২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যত্মরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইএমএফের চাপ আছে কিনা  এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা, জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ১৯ এপ্রিল থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এ ছাড়া প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বেড়ে যায় পরিবহন ভাড়াও। সরকারি সিদ্ধান্তে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হয় বাস ও মিনিবাসের নতুন ভাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটেও প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ