বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধসে নিহতের ঘটনার সালিশ বৈঠকের সময় আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার শহরের একটি ভবনের ছাদের রেলিং ধসে পড়ে সাবেক কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে শহরের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, শায়েন চক্রবর্তী ও তুর্জ। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক খোকন জানান, কয়েক মাস আগে পাইকপাড়া এলাকায় একটি নবনির্মিত ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়। ওই ঘটনার সালিশ চলাকালে হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০ থেকে ৩০ জন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যালয় ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এবং তিনজন আহত হন।
তিনি আরও দাবি করেন, রাতে ওই স্কুল ভবনের ছাদে কিছু বখাটে ও নেশাগ্রস্ত যুবকের আড্ডা ছিল। তাদের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বিষয়টি তদন্তের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

