26.2 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের সাত বছর কারাদণ্ড

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের সাত বছর কারাদণ্ড


বিএনএ, চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় এ মামলার বিচার করা হয়। তথ্যটি জানান দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন।

তিনি আরও জানান, একইসঙ্গে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকাও জরিমানা করা হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে আসামীর ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালতে জাফর আহমদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

 

Loading


শিরোনাম বিএনএ