24 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু


বিএনএ, লক্ষ্মীপুর: শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়নের বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ঘুমন্ত অবস্থায় আয়েশা আক্তার (৭) নামে এক শিশু মারা গেছে।

ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের আবহ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এসময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুইজনের শরীরের অধিকাংশ পুড়ে গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, “ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ