বিএনএ, ঢাকা : ন্যূনতম ২০ জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের বিধান রেখে নতুন অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৭ নভেম্বর) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ শ্রম আইন সংশোধন করে এই অধ্যদেশ জারি করে।
সেখানে বলা হয়, কোনো প্রতিষ্ঠানে কর্মরত কমপক্ষে ২০ জন শ্রমিক একত্রিত হয়ে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রি করার আবেদন করতে পারবেন। কোনো কলকারখানায় শ্রমিকদের মোট সংখ্যা অনুযায়ী কতজন মিলে ট্রেড ইউনিয়ন গঠনের আবেদন করলে তা নিবন্ধন দেওয়া হবে- সে বিষয়ে অধ্যাদেশে বলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের শ্রমিকদের সংখ্যা ২০ থেকে ৩০০ জন পর্যন্ত হলে ন্যূনতম ২০ জন; ৩০১ থেকে ৫০০ জন পর্যন্ত ৪০ জন; ৫০১ থেকে ১৫০০ জন পর্যন্ত ১০০ জন; ১৫০১ থেকে ৩০০০ জন পর্যন্ত ৩০০ জন; এবং ৩০০১ জন থেকে তদূর্ধ্ব পর্যন্ত ৪০০ জন শ্রমিকের সম্মতি থাকলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।
উল্লেখ্য, এর আগের শ্রম আইন অনুযায়ী ২০ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করার বিধান ছিলো। তবে, শ্রম আইন সংশোধন করায় এখন সর্বনিম্ন ২০ জন শ্রমিক মিলেও ট্রেড ইউনিয়নের গঠন করা যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

