30 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - মে ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালি পর্যটকের মৃত্যু

মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫ ইতালি পর্যটকের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : মালদ্বীপের গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ ইতালীয় পর্যটক। প্রায় ৫০ থেকে ৬০ মিটার গভীর পানির নিচে গুহা অনুসন্ধানের সময় তারা নিখোঁজ হন। বৈরী আবহাওয়ার মধ্যেই চলমান উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ মে) মালদ্বীপের ভাভু আটুল এলাকায় স্কুবা ডাইভিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত পাঁচজন ইতালীয় নাগরিক সমুদ্রের গভীরে একটি পানির নিচের গুহা অনুসন্ধানে নেমেছিলেন। ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ মিটার গভীরে ডাইভ দেওয়ার পর তারা দুর্ঘটনার শিকার হন।

মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় ৬০ মিটার গভীর পানির নিচের একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনও একই এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও প্রশিক্ষিত ডুবুরি দল মোতায়েন করা হয়েছে। তবে গভীরতা ও প্রতিকূল পরিবেশের কারণে অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই এলাকায় সেদিন আবহাওয়া ছিল বৈরী। সমুদ্রে উত্তাল পরিস্থিতির কারণে নৌযান ও জেলেদের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল।

ইতালির জেনুয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তায় তাদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

প্রবালদ্বীপ, স্বচ্ছ নীল পানি ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় মালদ্বীপে ডাইভিং ও স্নোরকেলিং দুর্ঘটনা তুলনামূলকভাবে কম ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি প্রাণহানির ঘটনা উদ্বেগ তৈরি করেছে। গত ডিসেম্বরে এক অভিজ্ঞ ব্রিটিশ নারী ডুবুরি স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। পরে তার স্বামীও অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া ২০২৪ সালে স্নোরকেলিং করতে গিয়ে জাপানের এক পার্লামেন্ট সদস্যেরও মৃত্যু হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ