বিএনএ, ঢাকা : চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চন্দন কুমার ধর) জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন হাইকোর্ট। অপর চার মামলার জামিন আদেশ সোমবার (১১ মে) দেবেন আদালত।
রোববার (১০ মে) তার বিষয়ে রুল খারিজ করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অপর চার মামলায় তার জামিন বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।
আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, বিচারিক আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় হাইকোর্ট জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের কাছে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় কোতোয়ালী থানায় মামলাটি করা হয়।
অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে থাকা আরও চারটি মামলায় করা জামিন আবেদনের রায়ের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। এসব আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বৃহস্পতিবার আদালত আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেছিলেন।
শুনানিতে অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতকে বলেন, চিন্ময় কৃষ্ণ শারীরিকভাবে অসুস্থ এবং ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কারাগারে আছেন। মানবিক বিবেচনায় তার জামিন চাওয়া হয়।
অন্যদিকে সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা জামিন আবেদনের বিরোধিতা করেন।
আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।
এর মধ্যে তিনটি মামলায় তিনি হাইকোর্ট ও সংশ্লিষ্ট নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

