33 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন

চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন

পেঁয়াজ

বিএনএ, ঢাকা : আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে না আসলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি জানান, বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমদানির অনুমোদন চেয়ে দুই হাজার ৮০০টি আবেদন করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শেখ বশির উদ্দীন বলেন, “ম্যাক্সিমাম দুই সপ্তাহ যাবত পেঁয়াজের দামের একটা উল্লম্ফন ঘটেছে। আমরা জিনিসটার উপর তীক্ষ দৃষ্টি রাখছি। অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় ২৮০০র মতো আমদানির আবেদন বর্তমানে আমাদের কাছে আছে। আমরা বাজারের ওপর তীক্ষ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, তা হলে আমরা এই আমদানি অনুমোদন করে দেব”।

কতদিনের মধ্যে এটা করা হবে এ বিষয়ে তিনি জানান, “আমরা আগামী হয়তো বা চার-পাঁচ দিন দেখব। এ সপ্তাহের মধ্যে যদি দেখি যে বাজারের মূল্য যথেষ্ট উন্নতি না ঘটে…”।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম একপর্যায়ে ৩৫ থেকে ৪০ টাকায় নেমে এসেছিল,। যেটা কৃষকদের জন্য সুখকর ছিল না। এরপর বহুদিন পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকা ছিল।

পেঁয়াজের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ১০ হাজার হাইফ্লো মেশিন বিতরণ করা হয়েছে বলে উল্লেখ করেন বশির উদ্দীন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুমের শেষ, হঠাৎ করে ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া ইত্যাদি কারণে দাম বেড়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ