বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। একই ঘটনায় প্রায় ১৮–১৯টি গরুও আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার (৯ মে) দুপুরে গ্রামের ফসলি মাঠে তিনটি শিয়াল হঠাৎ মানুষ ও গবাদিপশুর ওপর আক্রমণ চালায় বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা রইস উদ্দিন বলেন, হঠাৎ তিনটি শিয়াল মাঠে এসে লোকজন ও গরুর ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন।
তিনি আরও জানান, তার নিজের একটি গাভীসহ নজরুল ইসলাম, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন ও মফিজ উদ্দিনের গরুসহ মোট ১৮–১৯টি গরু আহত হয়েছে। গরু বাঁচাতে গিয়ে রসুলপুর গ্রামের নজরুল, জিন্নাহ, জামেলা ও মাদ্রাসাছাত্র মিহিরসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে সাত বছর বয়সী মিহিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম জানান, আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তিনজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন সংকট থাকায় একজনকে দেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, একজন খামারি ফোনে পরামর্শ নিয়েছেন এবং তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে সরেজমিনে কেউ যাননি বলেও তিনি জানান।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

