বিএনএ, ঢাকা : রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শেরেবাংলা নগর, মিরপুর, যাত্রাবাড়ী, দারুস সালাম ও রূপনগর থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি) ও শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী ও রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
