বিএনএ, জামালপুর : জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া একে এক পাঁচ শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরভাটিয়ানী কাটাখালী নদী থেকে নিখোঁজ হওয়া সর্বশেষ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু।
নিহত শিশুরা হলো- ওই এলাকার প্রবাসী দুদু মিয়ার সন্তান আবু হাসান (৮) ও পলি আক্তার (১২), ও নিহতের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২) এবং ওই এলাকার হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, গত শুক্রবার বেলা তিনটার দিকে কাটাখালি নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে আবু হাসান প্রথমে নৌকা থেকে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে একে একে সবাই পানিতে ডুবে যায়।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
বিএনএ/ ওজি
![]()

