28 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - আগস্ট ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে ‘ওরশ বিরিয়ানি’র দোকান!

ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে ‘ওরশ বিরিয়ানি’র দোকান!


বিএনএ, চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় মেরিনার্স সড়কের বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন সৌন্দর্যবর্ধন এলাকায় গড়ে উঠেছে  ‘ফিরিঙ্গিবাজার ওরশ বিরিয়ানি’ নামের একটি দোকান। যা সৌন্দর্যবর্ধনের জন্য তৈরি বসার স্থান ও বৃক্ষরোপণের জায়গা দখল করেছে।

জানা যায়, প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সড়কটি নির্মাণ করে। নগরীর দক্ষিণাংশে সদরঘাটের সঙ্গে এ সড়কের সরাসরি সংযোগ থাকায় এটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট, বিআইডব্লিউটিএ ঘাট ও অভয়মিত্র ঘাটে যাতায়াতের জন্য প্রতিদিন হাজারো মানুষ এ পথ ব্যবহার করে। কিন্তু সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে বিরিয়ানির দোকান চালু হওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পথচারীরা রাস্তা পারাপারের সময় ঝুঁকিতে পড়ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দোকানটি সড়কের সৌন্দর্যবর্ধনের জায়গা দখল করে শুধু পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে না, বরং জনদুর্ভোগও বাড়াচ্ছে। দোকানের রান্নাবান্না থেকে ধোঁয়া ও বর্জ্য ছড়িয়ে আশপাশে দূষণ তৈরি হচ্ছে।

ফিরিঙ্গিবাজারের ওরশ বিরিয়ানি দোকানের  দায়িত্বে থাকা ব্যাক্তির কাছে অভিযোগ সম্পর্কিত তথ্য জানতে চাইলে  জানা যায়, “দোকানের মূল মালিক ফিরিঙ্গিবাজারের মোহাম্মদ লেয়াকত। বর্তমানে তিনি অসুস্থ। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) থেকে সড়কে বিরিয়ানির দোকান পরিচালনার অনুমোদন নিয়েছে কি না, তা আমরা বলতে পারছি না।”

চসিকের বিভিন্ন বিভাগকে স্থানীয় সচেতন নাগরিক ও গণমাধ্যম প্রতিনিধিরা একাধিকবার বিষয়টি জানালেও এখনো কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা হয়নি। নিয়মিত উচ্ছেদ অভিযানে নানা স্থাপনা সরালেও এই দোকানটি অক্ষত থাকায় বিষয়টি জনমনে প্রশ্ন তুলছে।

Bnanews24.com

Loading


শিরোনাম বিএনএ