32 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)


বিএনএ, ঢাকা: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।এই দিনে মহানবী (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন এবং একই দিনে নবুয়তের মহান দায়িত্ব শেষ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন।পৃথিবীতে তাঁর আগমন ছিল মানবজাতির জন্য মূর্ত আর্শীবাদ। তিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে চালিত করেন।

মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর অভিজাত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন।জন্মের আগে তাঁর বাবা মারা যান। অল্প বয়সে মা ও দাদাকে হারান। ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন। এরপর দীর্ঘ ২৩ বছর তিনি আল্লাহর বাণী প্রচারে নিজের সবকিছু উৎসর্গ করেন।

তিনি এমন এক জীবনদর্শন রেখে যান, যা মুসলমানদের বিজয়ী জাতিতে পরিণত করে। তাঁর শিক্ষা ও অনুপ্রেরণায় মুসলিম জাতি নীতি-নৈতিকতা, জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও রাজনীতিতে শ্রেষ্ঠত্ব লাভ করে। আবার তাঁর আদর্শ থেকে বিচ্যুতির কারণে মুসলিম জাতি বৈশ্বিক নেতৃত্ব হারিয়ে ফেলে।

১২ রবিউল আউয়াল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন। এই উপলক্ষে বাংলাদেশে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ