27 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী


বিএনএ, সুনামগঞ্জ : সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাজ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় জড়িত দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও কথা বলেন মন্ত্রী। নিহতদের পরিবারের করা মামলার আসামি এবং সংশ্লিষ্ট চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন