বিএনএ, ঢাকা : দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯০৭ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৪ জন।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮৮ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১৬৮ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২০২ জন, বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৯৯ জন, রাজশাহীতে ৭৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৯৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩০ হাজার ৮৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮ হাজার ৬৫২ জন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

