বিএনএ, ক্রীড়া ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। টস জিতে আগের ম্যাচের মতোই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হয়েছে।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৬ মে) সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচে কয়েকবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে স্বাগতিকরা থাকবে নির্ভার। কারণ প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয়ে সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নাজমুল হাসান শান্তর দল। ফলে দ্বিতীয় ম্যাচটি বাতিল হলেও খুব একটা সমস্যা হবে না লাল টাইগারদের ।
এ ম্যাচে স্বাগতিকদের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। কাঁধের চোটে আগেই ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গায় টেস্ট দলে অভিষেক হচ্ছে আগ্রাসী ওপেনার তানজিদ হাসানের। মিরপুর টেস্টে নিষ্প্রভ বোলিং করা ইবাদত হোসেনের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
পাকিস্তানের একাদশেও আনা হয়েছে দুই পরিবর্তন। ইমাম-উল-হকের জায়গায় এসেছেন বাবর আজম। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। তার জায়গায় খেলবেন খুররাম শাহজাদ। এছাড়া নোমান আলিকে বিশ্রাম দিয়ে একাদশে জায়গা দেওয়া হয়েছে সাজিদ খানকে।
বাংলাদেশ দল: মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহমান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
পাকিস্তান দল: আজান ওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, খুররাম শাহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।
বিএনএ/ ওজি
![]()

