29 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - আগস্ট ২৪, ২০২৬
Bnanews24.com
Home » তারেকের ভারত সফর-বোমা ফাটালেন রুমিন!

তারেকের ভারত সফর-বোমা ফাটালেন রুমিন!


বিএনএ, ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালে এক নতুন খেলা শুরু হয়েছে। সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবার যে বিস্ফোরক দাবি করলেন, তা শুনলে আপনিও চমকে উঠবেন! গত ২৩শে আগস্ট রোববার প্রবাসী সাংবাদিক শারমিন চৌধুরীর ‘পালস অব পলিটিক্স’ অনুষ্ঠানে লাইভে এসে তিনি দাবি করেছেন—শেখ হাসিনা যেন কোনোভাবেই বাংলাদেশে ফিরতে না পারেন, এমন শর্তেই নাকি আটকে আছে তারেক রহমানের ভারত সফর! শুধু তাই নয়, বিএনপি ক্ষমতায় এসে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংশোধন করেনি, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার পেছনে কী সমীকরণ ছিল—তা নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি।

YouTube player

অনুষ্ঠানে শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে রুমিন ফারহানা একটি বড় মন্তব্য করেন। তিনি বলেন, মূলত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের রক্ষা করতে এবং রাজনীতিতে টিকে থাকার তাগিদেই শেখ হাসিনা দেশে ফিরতে চাইবে। কিন্তু রুমিন ফারহানার মূল প্রশ্ন অন্য জায়গায়। তিনি বলেন, যেখানে শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চেয়েছেন, সেখানে তাকে দেশে ফিরতে না দেওয়ার জন্য অন্তরালে কোনো ভিন্ন খেলা চলছে। আর এই খেলার অংশ হিসেবেই তারেক রহমানের ভারত সফর একটি নির্দিষ্ট শর্তের বেড়াজালে আটকে রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

রুমিন ফারহানার সমালোচনার তীর এবার ছিল সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদের দিকে। তিনি মনে করিয়ে দেন, ২০১৬ সাল থেকে বিএনপি ক্যাম্পেইন করে আসছিল যে তারা ক্ষমতায় গেলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করবে, যাতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন। কিন্তু ক্ষমতায় আসার পর দীর্ঘ ৬ মাস পার হয়ে গেলেও তা সংশোধন করা হয়নি! এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যেখানে বলেছিলেন ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া হবে, সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আগে কেন তা তোলা হলো না? এই প্রশ্ন তুলে রুমিন ফারহানা সরাসরি দাবি করেন—ফলাফল আসলে আগেই নির্ধারিত ছিল! বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যে রাষ্ট্রপতি হবেন, তা আগে থেকেই ঠিক করা ছিল এবং এই কারণেই ৭০ অনুচ্ছেদ অক্ষত রাখা হয়েছে।

শুধু সংবিধান নয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য ‘জুলাই সনদে’ যে অঙ্গীকার করা হয়েছিল, তা নিয়েও এখন সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনো আলোচনা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা। নিজেকে অত্যন্ত বিনয়ের সাথে ‘বটতলার উকিল’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বিএনপির বর্তমান প্রচার কৌশলের তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন—১০০ টাকার লাঞ্চ খাওয়া বা ২০০ টাকার সাধারণ শার্ট পরে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে বিএনপিকে শেষ পর্যন্ত বাঁচানো যাবে না। দলের দরকার প্রকৃত রাজনৈতিক সংস্কার ও দূরদর্শিতা।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ