বিএনএ ডেস্ক: দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্টের সংস্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের লিখিত অভিযোগ দিয়েছিলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। অভিযোগের প্রাথমিক সত্যতা নিয়ে তদন্তের জন্য কাউন্সিলে সুপারিশও করা হয়েছিল।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে বিচারপতি রেজাউল হাসান চরম পক্ষপাতমূলক আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল, যা পরবর্তী সময়ে আপিল বিভাগ বাতিল করে দেয়।
অপর একটি মামলায় অভিযোগ করা হয়েছে, আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার অবৈধভাবে বাতিল করে দেওয়া হয়। আবেদনকারীর মতে, এই ধরনের রায় বিচার বিভাগের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি।
আইনি মহলের মতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের তদন্ত চলাকালীন বা শুরুর মুখে বিচারপতির এই পদত্যাগ বিচারিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।
উল্লেখ্য, পদত্যাগপত্রটি ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিএনএ/শাম্মী
![]()

