31 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - আগস্ট ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে বন্যার তিন দিন পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

নেপালে বন্যার তিন দিন পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার


বিএনএ, বিশ্বডেস্ক: নেপালের ভয়াবহ বন্যার পর কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৬ বছরের এক শিশুকে তিন দিন পর জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় রসুয়া জেলার তিমুরে গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভোটে কোশি নদীর পানি উপচে সম্প্রতি তিমুরেসহ রাসুয়া জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পর নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর সময় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস শনাক্ত করে দ্রুত সেখানে খননকাজ শুরু করেন তারা। একপর্যায়ে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

উদ্ধারের পর শিশুটিকে তিমুরে অবস্থিত সশস্ত্র পুলিশ বাহিনীর সীমান্ত চৌকিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুতে নেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে সেটি সম্ভব হয়নি। পরে শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে শিশুটির নাম মানিশা মাগার বলে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ তার পরিবার ও স্বজনদের খুঁজছে। কেউ তাকে চিনলে বা তার পরিবারের বিষয়ে তথ্য জানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, নেপালে এখন পর্যন্ত বন্যায় ৬৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ। ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার করেছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ