বিএনএ ডেস্ক: দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পর ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ইতিবাচক পরামর্শ পাওয়ার পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এতদিন তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।
বিএনএ/শাম্মী
![]()

