27.6 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - জুলাই ৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিবন্ধী তরুণীকে দলবেঁধে ধর্ষণ

প্রতিবন্ধী তরুণীকে দলবেঁধে ধর্ষণ


বিএনএ, টাঙ্গাইল: সোমবার (২৭ এপ্রিল) টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর গণধর্ষণের শিকার হয়েছে মানসিক ভারসাম্যহীন এক তরুণী। নির্যাতনের পর তরুণীকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয় । মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় ওই তরুণীকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সড়ক দিয়ে চলাফেরা করতো সে। পরিবারের লোকজনের ধারনা ছিল বৃষ্টির মধ্যে রুমেই অবস্থান করছে তরুণী। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে।

রাতভর নির্যাতনের পর দুষ্কৃতকারীরা মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে ধানক্ষেতে ফেলে যায়। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । ঘটনার পর তরুণীর চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। লোকজন দেখে ভয় পাচ্ছে সে। চোখে টলমল করছে পানি।

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ