বিএনএ, ঢাকা: প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রয়টার্সের শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ”মনের জ্বালায় অর্থ খরচ করে লোক ভাড়া করে অনেক কিছুই লেখানো যায়। কিন্তু আকাঙ্ক্ষা আর বাস্তবতা দুটি ভিন্ন বিষয়—এই দুটির মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনও সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না।”
“শেখ হাসিনা কোনও সাধারণ যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এটুকুই বাস্তবতা।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা একটি আত্মবিশ্বাসী সরকার। কারণ, আমরা দেশের জনগণের বিপুল সমর্থন ও দুই-তৃতীয়াংশের বেশি ভোটে নির্বাচিত সরকার। এটি কোনও এলোমেলো বা অস্থায়ী সরকার নয়। জনগণের মাঝে এই সরকারের অত্যন্ত মজবুত অবস্থান রয়েছে। তাই জনগণকে আস্থায় নিয়েই আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি।”
সরকার কি এমন সংযত অবস্থানেই থাকবে, নাকি ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাবে- সাংবাকিদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ”আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার প্রশ্নে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর থাকবে। আওয়ামী সন্ত্রাসীদের যেকোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা অত্যন্ত কঠোরভাবেই দমন ও মোকাবিলা করবো।”
বিএনএ/শাম্মী
![]()

