২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারা দেশে একযোগে ফল প্রকাশ করা হবে। ফলাফল পাওয়ার নিয়মাবলি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে, গত ৮ জুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, গত ২০ জুলাই ফল প্রকাশের নির্দেশনা থাকলেও চলমান এইচএসসি পরীক্ষা–সংক্রান্ত প্রশাসনিক কাজের চাপ এবং ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
বিএনএ/শাম্মী
![]()

