24 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলা

খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলা


বিএনএ, খুলনা: খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বহিরাগত দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই বিক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা প্রেসক্লাবে ৩০ এপ্রিলের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা সভাপ‌তি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডা‌কি ও গা‌লিগালাজ করতে থাকে। সে সময় এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলামের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার ওপর হামলা করে। হামলার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা একত্রিত হলে হামলাকরীরা বের হয়ে যায়।

হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এরপর তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও বক্তব্য দেন– খুলনা প্রেসক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজে (একাংশ) যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, বিএফইউজে (একাংশ) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির কোষাধ্যক্ষ বেলাল হোসেন স্বজল, খুলনা জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বাপ্পী খান, সাংবাদিক জিয়াউস সাদাত প্রমুখ। সঞ্চালনা করেন সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়।

সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দা‌বি জানানো হয়। বিক্ষোভ থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ