বিএনএ ডেস্ক: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের নতুন ভাড়া সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সরকার সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকেই নতুন ভাড়া কার্যকর হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই নতুন ভাড়ার হার কোনোভাবেই গ্যাসচালিত বাসের ক্ষেত্রে কার্যকর হবে না। ভাড়ার ক্ষেত্রে ভগ্নাংশ আসলে সেটি ৫০ পয়সার বেশি হলে ১ টাকা হিসেবে গণ্য হবে এবং ৫০ পয়সার কম হলে তা বাদ দিতে হবে। এছাড়া এসিবাসের ভাড়া সরকার নির্ধারণ করে না বিধায় তা মালিকপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
আন্তজেলা ও দূরপাল্লার পথের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা। এটি ৫১ আসনের বাসের জন্য। তবে দূরের পথে যাত্রীদের আরামদায়ক যাতায়াতের জন্য অনেক কোম্পানি বড় বাসে আসন কমিয়ে ৪০–এ নামিয়ে চালায়। এ ক্ষেত্রে ভাড়া বাড়তি দিতে হবে। এ ছাড়া দূরের পথে ফেরি ও সেতুর টোল থাকলে সেটাও ভাড়ায় যুক্ত হবে। সব মিলিয়েই নতুন ভাড়ার তালিকা তৈরি করেছে বিআরটিএ।
বিআরটিএ জানিয়েছে, তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে এই ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

