বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে পুলিশ তদন্তকেন্দ্রের কাছে প্রকাশ্যে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে ৫০০ মিটার দূরত্বের মধ্যে।
নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আবদুল মজিদ (৫০)। তিনি অলিমিয়াহাট বাজার এলাকার আবদুল মোনাফের ছেলে। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানিয়েছেন, আবদুল মজিদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া, বিয়ের ঘটক হিসেবেও কাজ করতেন তিনি।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ইফতার শেষ করে বাসা থেকে বের হন আবদুল মজিদ। অলিমিয়াহাট বাজারে একটি দোকানে বসে ছিলেন। সেখান থেকে বের হওয়ার পর গুলি করে হত্যা করা হয় তাকে। এর আগেও আমার স্বামীর ওপর হামলা করা হয়েছিল। এবার তাকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিপলু কান্তি দে বলেন, হাসপাতালে আনার আগেই আবদুল মজিদের মৃত্যু হয়েছে। শরীরে তিনটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

