বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৬ বছর বয়সী মো. সাখাওয়াত হোসেন ও ৩৫ বছর বয়সী আশুরা আক্তার পাখির।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মৃত এই দুজনের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, বেঁচে থাকা চারজনের শরীরেরও বড় একটি অংশ পুড়ে যাওয়ায় তাদের জীবন রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গত সোমবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে হালিশহর এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’–এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বাসার রান্নাঘরে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল এবং ভোরের দিকে আগুনের সংস্পর্শে আসতেই তা প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে রূপ নেয়।
বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ফ্ল্যাটের ভেতরে থাকা একই পরিবারের নয়জন সদস্য মুহূর্তের মধ্যেই দগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
বিএনএ/ওজি
![]()

