বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালে সীমান্তের কাছাকাছি এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরিফ/এইচ.এম।
![]()

