বিএনএ ডেস্ক: শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী।
তিনি জানান, শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম রেঞ্জ অফিসের সূত্রের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর জাহাঙ্গীর আলমকে তলব করা হয়েছিল। সেদিনই তার মুঠোফোন দুটি জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
সিএমপির এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমেক বলেন, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার…।’ ‘এ রকম আরও কিছু কথাবার্তা রয়েছে,’ বলেন ওই কর্মকর্তা। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ (স্পেশাল রেসপন্স ইউনিট) বা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।
বিএনএ/শাম্মী
![]()

