27 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


বিএনএ, গোপালগঞ্জ : সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক এপিসি প্রস্তুত রাখা হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

অপরদিকে নিরাপত্তা জোরদার প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়েছে।

রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ