বিএনএ, ঢাকা : দেশ ছেড়ে পালানোর ঠিক আগ মুহূর্তে ধরা পড়লেন ঢাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক মো. ইরফান খান ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আসামিপক্ষে আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল করে জামিন চান। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে হত্যা করা হয় টিটনকে। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন সুইডেন আসলাম। তখনই তাকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায়, টিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক ছিলেন সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।
বিএনএনিউজ/মুন্না।
![]()

