বিএনএ, ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে পরীক্ষা পদ্ধতিতে দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সংসদ অভিমুখে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে দেশটির পুলিশ।সোমবার (২০ জুলাই, ২০২৬) ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি যুব নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলনের ডাকে এই ‘চলো সংসদ’ কর্মসূচির আয়োজন করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বড় বড় পরীক্ষাগুলোতে একের পর এক প্রশ্ন ফাঁস এবং কারিগরি ত্রুটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর মোড়ে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে ও টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
২০২৬ সালের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি মামলার শুনানির সময় বেকার যুবকদের একাংশকে উপহাস করে ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’ এর সাথে তুলনা করেছিলেন। এরপরই ব্যঙ্গাত্মকভাবে এই ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আত্মপ্রকাশ ঘটে। খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় (যেমন ইনস্টাগ্রামে প্রায় ২৩ মিলিয়ন ফলোয়ার) এই আন্দোলন বিশাল জনপ্রিয়তা পায় এবং ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও তীব্র বেকারত্বের বিরুদ্ধে যুবসমাজের ক্ষোভের প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়।
বিএনএ/ওজি
![]()

