30.3 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - জুন ২৩, ২০২৬
Bnanews24.com
Home » শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জেতালেন ওকস

শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জেতালেন ওকস


বিএনএ, স্পোর্টস ডেস্ক : রংপুরের বিরুদ্ধে জয় পেতে সিলেটের দরকার ৬ রান, হাতে রয়েছে একটি বল।  শেষ বলে ছক্কা মেরে রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট টাইটান্সকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন ইংল্যান্ডের ক্রিস ওকস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের এলিমিনেটর ম্যাচে ওকসের ছক্কায় সিলেট ৩ উইকেটে হারিয়েছে রংপুরকে। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল সিলেট। অন্যদিকে ম্যাচ হেরে বিপিএলের প্লে-অফ থেকে বিদায় নিল রংপুর।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারায় রংপুর। দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয় ৪ রান করে, অধিনায়ক লিটন দাস ১ ও কাইল মায়ার্স ৮ রানে আউট হন। এরমধ্যে দুই উইকেট নেন সিলেটের পেসার খালেদ আহমেদ।

পঞ্চম উইকেটে খুশদিল শাহকে নিয়ে ২৯ বলে ৩৪ এবং ষষ্ঠ উইকেটে নুরুল হাসানের সাথে ২৭ বলে ৩১ রান যোগ করে রংপুরকে চাপ মুক্ত করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

কিন্তু দলীয় ৯৪ রানের মধ্যে খুশদিল ও মাহমুদুল্লাহর বিদায়ে রংপুরের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানের মামুলি সংগ্রহ পায় রংপুর। খুশদিল ১৯ বলে ৩টি ছক্কায় ৩০ এবং মাহমুদুল্লাহ ২টি করে চার-ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন। এছাড়া নুরুলের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান।

খালেদ ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ ২টি করে উইকেট নেন।

১১২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সিলেট। ২ রানে ফিরেন ওপেনার তৌফিক হাসান। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৩৬ রান যোগ করে পাওয়ার প্লের সুবিধা কিছুটা কাজে লাগান ওপেনার পারভেজ হোসেন ইমন ও আরিফুল ইসলাম। কিন্তু ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। ইমন ১২ বলে ১৮, আরিফুল ১৭ ও আফিফ হোসেন ৩ রানে আউট হন।

৪৪ রানে ৪ উইকেট পতনের পর রংপুরের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। পঞ্চম উইকেটে তাদের ৫৪ বলে ৫০ রানের জুটিতে জয়ের পথেই থাকে সিলেট। শেষ ৩ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ১৮ রান দরকার পড়ে সিলেটের।

দলীয় ৯৪ রানে ২৩ বলে ১৮ রান করা মিরাজকে শিকার করে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার খুশদিল শাহ। এরপর ১৮তম ওভারে মাত্র ৩ রান তুলতে পারে সিলেট।

১৯তম ওভারের প্রথম বলে বিলিংসকে শিকার করেন পেসার মুস্তাফিজুর রহমান। ঐ ওভারে ৬ রান আসলে শেষ ৬ বলে জয়ের জন্য ৯ রান প্রয়োজন পড়ে সিলেটের।

পেসার ফাহিম আশরাফের করা শেষ ওভারের প্রথম বলে ২ রান নিলেও, পরের ২ ডেলিভারিতে রানের দেখা পাননি মঈন আলি। চতুর্থ বলে আউট হন মঈন। পঞ্চম বল থেকে ১ রান নেন খালেদ। এতে শেষ বলে জিততে ৬ রান দরকার পড়ে সিলেটের। ফাহিমের অফ-স্ট্যাম্পের বাইরের বল ডিপ এক্সট্রা কভার দিয়ে ছক্কা মেরে সিলেটকে অবিশ্বাস্য জয় এনে দেন ওকস।

শেষ বলে ৬ রানের সমীকরণে ছক্কা মেরে জয় পাওয়ার ঘটনা বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ঘটল।

ওকস ৪ বলে ১০ এবং খালেদ ১ রানে অপরাজিত থাকেন। ১টি ছক্কায় ৪০ বলে ২৯ রান করেন বিলিংস। মুস্তাফিজ ও অ্যালিস ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন খালেদ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ